বজলুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
সংবাদ পত্রিকার সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বজলুর রহমান ১৯৪১ সালের ৩ আগস্ট শেরপুরের ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করে ১৯৬১ সালে সংবাদ-এ সহসম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্পাদক হন। সুস্থ ও সচেতন সমাজ নির্মাণে সাংবাদিকতাকে হাতিয়ার হিসেবে প্রয়োগ করেন তিনি। সাংবাদিকতা পেশার বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় ও জাতীয় ক্রান্তিকালে তিনি অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকর ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধসহ ছাত্র আন্দোলন, ছয় দফা আন্দোলন, ১৯৬৮-৬৯-এর গণ-অভ্যুত্থান, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসনবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি।বজলুর রহমান বার্তা সংস্থা বাসসের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়া প্রেস ইনস্টিটিউট ও প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন তিনি।কর্মসূচি: সংবাদ পরিবার ও বজলুর রহমান ফাউন্ডেশনসহ অন্যান্য সংগঠন আজ রোববার সকাল সাড়ে নয়টায় মিরপুুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বজলুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে। বজলুর রহমানের স্ত্রী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী পরিবারের নিজস্ব আয় থেকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রকে (সিআরপি) এক লাখ টাকার চেক প্রদান করবেন। বিজ্ঞপ্তি।