বজলুর রহমানের ৭৪তম জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতা জগতের অন্যতম দিকপাল ও সংবাদ-এর সম্পাদক প্রয়াত বজলুর রহমানের ৭৪তম জন্মদিন আজ ৩ আগস্ট। এ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে নয়টায় সংবাদ পরিবার ও বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বজলুর রহমান ১৯৪১ সালের এই দিনে শেরপুর জেলার ফুলপুর থানার চরনিয়ামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন সময় ও জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধ, বাষট্টির ছাত্র আন্দোলন, ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসনবিরোধী ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
বজলুর রহমান ১৯৬১ সালে সহকারী সম্পাদক হিসেবে সংবাদ-এ যোগদান করেন। পরে সম্পাদকের দায়িত্ব নেন এবং আমৃত্যু এ পদে দায়িত্ব পালন করেন। তিনি সাপ্তাহিক একতারও সম্পাদক ছিলেন। কিছুদিন কাজ করেন দৈনিক ইত্তেফাক-এ। দীর্ঘ পেশাগত জীবনে জাতীয় প্রেসক্লাব, বাসস, প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালে ২৬ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।