বজ্রপাতকে দুর্যোগ বিবেচনা মন্ত্রণালয়ের

বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ থেকে নিরাপদে থাকতে কতগুলো সতর্কতা বাণী প্রচারেরও ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেন।
সরকারি নথিতে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে গণ্য করা হতো না। দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় পরিকল্পনা ২০১০-১৫-এ মোট ১২টি প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ আছে। এর মধ্যে বজ্রপাত নেই। এ নিয়ে ১৪ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
ত্রাণমন্ত্রী বলেন, বজ্রপাতের ঘটনায় সরকার উদ্বিগ্ন। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের বজ্রপাত হচ্ছে। আগে এমন ছিল না। গত দুই দিনে যত মানুষ মারা গেল তা নজিরবিহীন। এটি সরকারকে ভাবিয়ে তুলেছে।
মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে সর্তকতামূলকে বার্তা প্রচারের পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রত্যেক এলাকার মসজিদ ও মন্দিরে এসব সতর্কবার্তা প্রচার করা হবে।
ত্রাণমন্ত্রী জানান, বজ্রপাতে যাঁরা নিহত ও আহত হয়েছেন, তাঁদের জন্য সরকার প্রাথমিক কিছু ব্যবস্থা নিয়েছে। হতাহত ব্যক্তিদের সাড়ে সাত হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা সাহায্য দেওয়া হচ্ছে।
বজ্রপাতে নিহত ৮১ পরিবারকে এ পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিয়েছে সরকার। এ ছাড়া প্রত্যেক জেলা প্রশাসনে ১০ থেকে ২০ লাখ টাকা, ১০০ থেকে ২০০ মেট্রিক টন খাদ্য মজুত আছে। সেখান থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে।
আরও পড়ুন...
বজ্রপাতে এত প্রাণহানি কেন