বজ্রপাতে আ.লীগ নেতাসহ চারজনের মৃত্যু
হবিগঞ্জে গতকাল শনিবার বজ্রপাতে যুবলীগের এক নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই দিন মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরে হবিগঞ্জ সদর সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে কৃষক আবিদ আলী (২২) ঘুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটছিলেন। সেখানেই বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা বুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি রমজান আলী (৪০) দুপুরে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই উপজেলার ভাদিকারা গ্রামের শফিকুল ইসলাম (৩২) দুপুরে গ্রামের পাশেই মাটি কাটছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বড়লেখা উপজেলার কেছরিগুল গ্রামের মুশতাক আহমদ (৪৫) বাড়ির পাশে মাছ ধরতে গেলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি মারা যান।