বজ্রপাতে ইটনা কৃষক লীগের সভাপতি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মতিউর রহমান (৭০) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ হাওরে নিজের বোরো ধানের খেত দেখতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
মতিউরের বাড়ি ইটনা সদর ইউনিয়নের মধ্য চিপাহাটি গ্রামে।
ইটনা থানার পুলিশ জানায়, এক সপ্তাহ আগে ইটনার হাওরে বোরো ধান কাটা শুরু হয়। নিজের জমির ধান কাটার উপযোগী হয়েছে কি না, তা দেখতে মতিউর গতকাল সকাল ছয়টার দিকে ঘর থেকে বের হন। সকাল সাড়ে সাতটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ও পরিবারের সদস্যরা গিয়ে মতিউর রহমানের মৃতদেহ দক্ষিণ হাওর থেকে নিয়ে আসেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।