বজ্রপাতে এক গৃহবধূ ও তিন কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের দুই উপজেলায় গতকাল শুক্রবার বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষক নিহত হয়েছেন। একই দিনে শেরপুর জেলার দুই স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: গতকাল বেলা সাড়ে ১১টায় মতলব উত্তর উপজেলার দক্ষিণ রামপুর বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে নাছিমা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হন। তাঁর স্বামীর নাম বাবুল পাল। স্থানীয় ব্যক্তিরা বলেন, রান্নাঘর থেকে ঘরে যাওয়ার পথে নাছিমা বেগমের ওপর বজ্রপাত হয়। তাঁর সারা শরীর ঝলসে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে স্থানীয় আমিরাবাদ বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।একই সময় কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামে বজ্রপাতে মারা যান বিল্লাল প্রধান (৪০) নামের এক কৃষক। স্থানীয় ব্যক্তিরা বলেন, ঘাস কাটতে বিল্লাল বাড়ির পাশের বিলে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। পরে আশপাশের লোকজন বিল্লালকে মৃত অবস্থায় দেখতে পান।
শেরপুর: গতকাল বেলা একটার দিকে শেরপুর জেলা সদরের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে বজ্রপাতে জোছনা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাঁরা হলেন আক্তার আলীর ছেলে চান মিয়া (১৫) এবং একই গ্রামের আফালী মিয়ার ছেলে আহালু মিয়া (৪০)। তাঁদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জোছনা মিয়াসহ কয়েকজন খেতে আমন ধান রোপণের কাজ করছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে জোছনা, আহালু ও চান মিয়া গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জোছনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী (শেরপুর): উপজেলায় বজ্রপাতে নিহত কৃষকের নাম মিয়া হোসেন (৪৫)। তিনি নালিতাবাড়ী পৌরসভার কালীনগর এলাকার উমেদ আলীর ছেলে। এলাকাবাসী বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কালীনগর এলাকায় জমিতে কাজ করছিলেন মিয়া হোসেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।