বজ্রপাতে কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে নিহত ৫
কিশোরগঞ্জের ইটনা ও নিকলীতে গতকাল রোববার বজ্রপাতে তিনজন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। একই দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বজ্রপাতে দুই নারী মারা গেছেন।
ভৈরব ও নিকলী (কিশোরগঞ্জ): ইটনা উপজেলায় নিহত ব্যক্তিরা হলেন রতন মিয়া (২৫), মঞ্জিল মিয়া (২৩)। তাঁরা দুই ভাই। আর নিকলী উপজেলায় নিহত ব্যক্তির নাম আল আমিন মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মঞ্জিল ও রতন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। কিছুদিন ধরে তাঁরা ইটনার হাওরে ধান কাটার কাজ করছিলেন। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে বজ্রপাতসহ হালকা বৃষ্টি শুরু হয়। সেই সময় রতন ও মঞ্জিল উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ হাওরে ধান কাটছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, দুই ভাইয়ের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আল আমিনের বাড়ি একই জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিমুদিয়া গ্রামে। তাঁর বাবার নাম মুর্শিদ মিয়া। তিনি উপজেলার গোরাদিঘা ইউনিয়নের হাওরে ধান কাটছিলেন। সকাল সাতটার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিকলী থানার ওসি এ কে এম মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে গতকাল সকালে বজ্রপাতে নিহত নারীরা হলেন হাজীপুরের পশ্চিম হাজীপুর গ্রামের মৃত ছয়েফ উল্লাহর স্ত্রী দুলবি বিবি (৫৫) ও দুলবির ছেলে বারিক মিয়ার স্ত্রী ছইফা বেগম (৩৫)। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দুলবি ও ছইফা বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।