বজ্রপাতে গৃহবধূ ও কলেজছাত্রের মৃত্যু
বজ্রপাতে গতকাল শুক্রবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রফিকুল ইসলাম (১৭) নামের এক কলেজছাত্র এবং মেহেরপুর সদরে আইমা খাতুন (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ছাড়া আরও সাতজন আহত হয়েছেন।
মেহেরপুরে বিভিন্ন গ্রামে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বজ্রপাত হয়। এতে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষক কালু শেখের স্ত্রী আইমা খাতুন মারা যান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে। কিছুক্ষণ পর বজ্রপাত শুরু হয়। সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের গৃহবধূ আইমা খাতুন ওই সময় বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার সময় বজ্রপাত হলে তাঁর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে একই সময়ে গোভিপুর, রামনগর ও তেরাইল গ্রামে বজ্রপাতে আরও সাতজন আহত হন। তাঁরা হলেন গাংনী উপজেলার রামনগর গ্রামের আফসার আলীর ছেলে মতিয়ার রহমান (৩০), ইসমাইল চৌধুরীর ছেলে সুকজান আলী (৪৫), শাহজাহান আলীর ছেলে বল্টু (৩০), ফারুক হোসেনের ছেলে ইউসুফ আলী (২০) ও জনি (১৮), তেরাইল গ্রামের ইন্নাত আলীর স্ত্রী ফাইমা খাতুন (৪৩) ও সদর উপজেলার গোভিপুর গ্রামের জামসুদ্দিনের স্ত্রী নাছিমা খাতুন (৩৮)।
মিরপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে রফিকুল উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে তার বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে ছিল। বৃষ্টি শুরু হলে সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে সে মারাত্মক হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রফিকুল মাধবপুর গ্রামের টানু মিয়ার ছেলে।