বজ্রপাতে গেল তিন প্রাণ

দুই মেয়ে ও এক ছেলেকে বিয়ে দেওয়ার পর আয়েশা বেগমের (৫০) সংসারে ঘাটতি দেখা যায়। ঘাটতি কাটিয়ে উঠতে কষ্টের সংসারে টাকা জোগাড় করে ছয়-সাত বছর আগে একটি বিদেশি জাতের এক গাভি কেনেন তিনি। বছর খানেক আগে ওই গাভি একটি বাছুর জন্ম দেয়। বাছুরসহ গাভিকে সন্তানের মতোই লালন-পালন করতেন আয়েশা। আজ বৃহস্পতিবার আকস্মিক এক বজ্রপাত সব শেষ করে দিয়ে গেল।
দুপুরে ভ্যাপসা গরমে হঠাৎ আকাশে কালো মেঘ জমে শুরু হয় বৃষ্টিপাত। আয়েশা বেগমের গাভি ও বাছুর ছিল বাড়ির বাইরে টিনের চালার নিচে। বাড়ির ভেতরে গরু দুটি আনতে ছুটে যান তিনি। এ সময় আকস্মিক বজ্রপাতে গরুসহ আয়েশা লুটিয়ে পড়েন মাটিতে। ঘটনাস্থলে গরু দুটি মারা যায়। প্রতিবেশীরা আয়েশাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট রহমতপুর গ্রামে অপর এক বজ্রপাতের ঘটনায় মারা যান আলমগীর হোসেন। তাঁর বাবার নাম শামছুল হক। এ ছাড়া বজ্রপাতে উপজেলার বিভিন্ন স্থানে আহত হয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন তিন নারীসহ পাঁচজন। আহত ব্যক্তিরা হলেন পৌরসভার শাহাপুর গ্রামের নিকুজ মিয়ার ছেলে মমিন মিয়া (৫০), জামুবাড়ি গ্রামের ভেকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৫), মোস্তফাপুর গ্রামের ঝালুদাশের স্ত্রী শুকলি বালা (৬০), গুদামপাড়া গ্রামের তিলক চন্দ্রের স্ত্রী সন্ধ্যা বালা (৫০) ও শাহাপুর মাস্টারপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী মনুজা বেগম (৫০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তারিনা বেগম বলেন, বজ্রপাতে আহত আয়েশা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আর আলমগীর হোসেনকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যান। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন।
কুড়িগ্রামে গৃহবধূর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, উলিপুর উপজেলার চরাঞ্চলে বজ্রপাতে এক গৃহবধূ মারা গেছেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চর সাত লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম ছালেহা বেগম (৫০)। তিনি সাত লস্কর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী এবং বাউলশিল্পী শাপলা সরকারের মা।
প্রতিবেশী জাহেরা বেগম বলেন, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে ছালেহা বেগম গরু আনতে ঘর থেকে বের হন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বজরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বজ্রপাতে ছালেহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।