বজ্রপাতে চার জনের মৃত্যু আহত ২৪
নীলফামারীতে বজ্রপাতে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৪ জন। এ ছাড়া বজ্রপাতের কারণে আগুন লেগে তিনটি পরিবারের পাঁচটি ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল সকাল পর্যন্ত সদর, ডিমলা, ডোমার ও জলঢাকা উপজেলায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বজ্রপাতে ডিমলা উপজেলার পূর্বছাতনাই গ্রামের কৃষক আবদুস সালাম (৪৫) ও আজিজুল হক (৫০) এবং জলঢাকার চিড়াভাজা গোলনা গ্রামের মাহবুল আলমের স্ত্রী জান্নাতুল বেগম (৩০) মারা যান। একইভাবে মঙ্গলবার সন্ধ্যায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি উত্তরপাড়া গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে রুমানা (৭) মারা যায়। বজ্রপাতের ঘটনায় আহত হয়ে ২৪ জন নীলফামারী সদর আধুনিক হাসপাতালসহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।এ ছাড়া মঙ্গলবার বিকেলে বজ্রপাতে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের সুটিপাড়া গ্রামের তিনটি পরিবারের পাঁচটি টিনের ঘর ও ঘরে থাকা আসবাব পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নীলফামারী দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা পলাশ চন্দ্র মদক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।