বজ্রপাতে চার জেলায় ১০ জনের মৃত্যু
হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও পিরোজপুরে গতকাল বুধবার বজ্রপাতে এক শিশুসহ ১০ জন মারা গেছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের মুছা মিয়া (৫০), অনজিত সূত্রধর (৪৫), প্রীতিশ সূত্রধর (৩৫) ও প্রসেন সূত্রধর (২৩); পিরোজপুর সদরের অসীম হাওলাদার (৩৫) ও রাজীব সিংহ (৩২); চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মাসুদ রানা (১২), আবদুর রহিম (৪২), তরিকুল ইসলাম (৪৫) ও কুমিল্লার হোমনার ফরিদ মিয়া (৪০)।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলায় গতকাল সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাজারে যাওয়ার জন্য বিরাট গ্রাম থেকে ছয়জন বেলা ১১টার দিকে একটি ডিঙি নৌকায় করে পুরোনো কুশিয়ারা নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকায় বজ্রপাত হলে ঘটনাস্থলে চারজন মারা যান। আহত হন আরও দুজন। আহত সুয়েল রায় (৩১) ও মোহন মিয়াকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। স্বজনদের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুরের সদর হাসপাতাল ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে জ্ঞানসাহা গ্রামের সড়কের ওপর অসীম ও রাজীব কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বেলা সোয়া তিনটার দিকে বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের শিংরইল গ্রামের একটি ধানখেতে বৃষ্টির মধ্যে কাজ করছিলেন রহিম। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত অবস্থায় মাসুদ ও তরিকুলসহ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মাসুদ ও তরিকুলকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হলেন স্বপন বর্মণ, জিল্লুর রহমান ও আবদুর রাজ্জাক।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকাল ১০টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের কৃষক ফরিদ মিয়া বাড়ির পাশে পাটখেতে কাজ করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। শামীমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।