বজ্রপাতে চার জেলায় ছয়জনের মৃত্যু
বজ্রপাতে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও রাজবাড়ীতে আজ শুক্রবার ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতেই মারা গেছেন তিনজন।
রাজবাড়ী: বজ্রপাতে কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজন হলেন কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন ব্যাপারী (৪০), ভাগলপুর গ্রামের জাহের আলী শেখ (৪৫) ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ওমেদ ব্যাপারী পাড়ার সোবহান সরদার (৫০)।
হরিণবাড়িয়ার স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, বিল্লাল বেলা দেড়টার দিকে খেতে কাজ করছিলেন। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর জাহের আলী দুপুরে তাঁর খেতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। স্থানীয় রতনদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোয়ালন্দে মৃত সোবহান সরদারের ছোট ভাই জাকির সরদার জানান, দুপুরে সোবহান খেত থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব দে সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ: বজ্রপাতে জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের কামারখাল গ্রামের বাসিন্দা আমির উদ্দিনের (৩০) মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের হাওরে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরসালিন।
কিশোরগঞ্জ: জেলার তাড়াইল উপজেলার নয়াপাড়া এলাকায় বজ্রপাতে এমরান মিয়া (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের বাসিন্দা। তিনি তাড়াইল উপজেলার ধলা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।
ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন বজ্রপাতে একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এমরান আহত হন। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম: শহররক্ষা বাঁধের রাসমণি ঘাট এলাকায় আমজাদ আলী (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আমজাদ নগরের দক্ষিণ কাট্টলী এলাকায়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, রাসমণি ঘাট এলাকায় আমজাদের মৎস্যচাষ প্রকল্প রয়েছে। সকালে বৃষ্টি শুরু হলে প্রকল্প এলাকায় আসেন তিনি। সেখানে কাজ শেষে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আমজাদ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দেশের ১৪ জেলায় বজ্রপাতে ৩৫ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনায় পাঁচজন করে মারা যান।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; সুনামগঞ্জ, রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিনিধি; কিশোরগঞ্জ সংবাদদাতা)
আরও পড়ুন: