বজ্রপাতে চার জেলায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার এ বজ্রপাত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে।
নেত্রকোনায় নিহত ব্যক্তিরা হলেন বারহাট্টা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত সাদ্দাম হোসেনের স্ত্রী নূরবানু (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীয়তপুর গ্রামের নিয়ামতউল্লাহ (৩৫)। ধরমপাশায় নিহত ব্যক্তির নাম মো. শের আলী (৩৫)। তিনি ধরমপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ উত্তরপাড়া গ্রামের মৃত ছান্দু মিয়ার ছেলে। কিশোরগঞ্জের ইটনায় নিহত ব্যক্তিরা হলেন ধান কাটা শ্রমিক রুবেল মিয়া ও গোলাম মোস্তফা। এ ছাড়া মৌলভীবাজারের রাজনগরে পরিজা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানোর খবর:
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে মদন উপজেলার জয়পাশা গ্রামের একটি ইটভাটায় নিয়ামতউল্লাহ নামে এক শ্রমিক নিহত এবং সরল মিয়া, আনিস মিয়া, জামাল উদ্দিন, এখলাছ মিয়া ও শাহীন মিয়া নামের পাঁচ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের মধ্যে সরল মিয়ার বাড়ি মদনের তিয়শ্রী-বৈঠাখালী গ্রামে। অন্যদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীয়তপুর গ্রামে। এ ছাড়া একই সময়ে মদনের গোবিন্দশ্রী গ্রামে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে হাফিজ মিয়া নামের একজন আহত হন। আহত লোকজনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সকাল সাড়ে আটটার দিকে বারহাট্টা উপজেলার পাইকপাড়া গ্রামে নূর বানু বসতঘরের বারান্দায় গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুল রহমান এবং বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের হাড়গুর হাওরে গতকাল রোববার সকালে বোরো ধান কাটতে গিয়ে মো. শের আলী (৩৫) নামের এক শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ উত্তরপাড়া গ্রামের মৃত ছান্দু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে মো. শের আলী উপজেলার হলিদাকান্দা গ্রামের শ্বশুরবাড়ি থেকে আরও ১৫-২০ জন শ্রমিকের সঙ্গে পাশের হাড়গুর হাওরে বোরো ধান কাটতে যান। সকাল সাড়ে সাতটার দিকে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি শুরু হয়। এর মধ্যেই শ্রমিকেরা ধান কাটতে থাকেন। সকাল আটটার দিকে বজ্রপাতে মো. শের আলী অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন পৌনে নয়টার দিকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.ফখরুল ইসলাম চৌধুরী এ মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইটনায় নিহত রুবেল মিয়া জেলার করিমগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের ইসমাইলের ছেলে। গোলাম মোস্তফা সিরাজগঞ্জের চৌহালি গ্রামের আবদুল করিমের ছেলে। আহত শ্রমিকদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল ধান কাটা শ্রমিকদের ১৫-২০ জনের একটি দল আড়ালিয়া হাওরে ধান কাটছিল। বেলা ১১টার দিকে প্রবল বৃষ্টির সময় বজ্রপাত হয়। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন নয়জন শ্রমিক। তাঁদের ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রুবেলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রায় একই সময় পূর্বগ্রাম হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সিরাজগঞ্জের চৌহালীর কৃষিশ্রমিক গোলাম মোস্তফা।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু ও আটজন আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজনগরের পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের আইয়ুব আলীর স্ত্রী পরিজা বেগম ঘরের বারান্দায় ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম গতকাল প্রথম আলোকে বজ্রপাতে ওই নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।