বজ্রপাতে চার জেলায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা, কুষ্টিয়ার কুমারখালী, মাগুরার শ্রীপুর ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন কৃষিশ্রমিক।
নিহত ব্যক্তিরা হলেন শৈলকুপার খালকুলা গ্রামের মোজাহার মোল্লার ছেলে কৃষক শফিক উল্লাহ (৪০) ও লক্ষণদিয়া গ্রামের গ্যান্দা বিশ্বাসের ছেলে গাজীপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র টিটোন বিশ্বাস (২২), কুমারখালীর বাগুলাটের দমদমা গ্রামের রুস্তম শেখের ছেলে কৃষক ওহিদুল ইসলাম (২৭), গোয়ালন্দের দৌলতদিয়ার সিরাজ খাঁর পাড়ার কৃষক শামসুদ্দিন শেখ (৬৫) ও শ্রীপুরের নগর জোকা গ্রামের কৃষিশ্রমিক এলেম শেখ (৩৮)।
আহত কৃষিশ্রমিকেরা হলেন শ্রীপুরের দেবীনগর গ্রামের সত্যেন্দ্রনাথ বিশ্বাস (৩৫) ও সুজন মণ্ডল (২৫) এবং ঝিনাইদহের শৈলকুপার বরিয়া শহীদনগরের বকুল মিয়া (৩০) ও মো. বাবলু (৩৫)। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কৃষিশ্রমিকেরা জানান, বেলা পৌনে তিনটার দিকে তাঁরা পূর্ব শ্রীকোল গ্রামে মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাতে এলেম শেখের (৩৮) মৃত্যু হয় এবং তাঁরা আহত হন।
নিহত শামসুদ্দিন শেখের পরিবার জানায়, কৃষক শামসুদ্দিন গতকাল কয়েকজন কৃষিশ্রমিককে নিয়ে বাড়ির পাশের ডোবায় পাট ধুচ্ছিলেন। বিকেল চারটার দিকে খাবারের জন্য বাড়ির উঠানের কাছে আসামাত্র বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই শামসুদ্দিনের মৃত্যু হয়।
শৈলকুপা থানার এসআই আশিকুর রহমান বলেন, বেলা দুইটার দিকে খালকুলা গ্রামের খেতে কাজ করার সময় বজ্রপাতে শফিক উল্লাহর মৃত্যু হয়। একই সময় বজ্রপাতে কলেজছাত্র টিটোন বিশ্বাস মারা যান।
[প্রতিবেদন তৈরি করেছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ; কুষ্টিয়া অফিস, মাগুরা ও গোয়ালন্দ প্রতিনিধি]