বজ্রপাতে ছয় জেলায় ৯ জনের মৃত্যু
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় আজ সোমবার নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও নয়জন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুজন জেলে, তিনজন কৃষক, একজন দিনমজুর, একজন স্কুলছাত্র, একজন কলেজছাত্র ও একজন কিশোর। বজ্রপাতের ঘটনাগুলো ঘটেছে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, নাটোর ও রাজশাহীতে।
প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী গ্রামের কৃষক নিজাম উদ্দিন (৬০) বজ্রপাতে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাটখালী এলাকার নিজাম উদ্দিন নিজের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, নিহত নিজাম উদ্দিনের বাবার নাম ইউসুফ আলী। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন দুই জেলে। নিহত ব্যক্তিরা হলেন মো. নুরুল ইসলাম (২০) ও রুস্তম আলী (৩০)। ওই সময় তাঁদের সঙ্গে থাকা আরও দুই জেলে বজ্রপাতে আহত হন। আজ সোমবার বেলা একটায় নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর হাওরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাজনপুর হাওরে মাছ ধরছিলেন ওই চারজন। ওই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে ওই চার জেলে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল ইসলাম উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আলী হোসেনের ছেলে। আর রুস্তম আলী একই গ্রামের সুনু মিয়ার ছেলে। আহত দুজন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা হলেন একই গ্রামের ফজলু রহমানের ছেলে মো. মোকারিম (২০) এবং হোসমান মিয়ার ছেলে আসাদ মিয়া (২৮)।
জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক মিয়া জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে মোকারিমের অবস্থা আশঙ্কাজনক।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাকুয়া ও দুর্গাপুর গ্রামে আজ সোমবার বিকেলে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন জাবেদ মিয়া (২৫) ও কৃষ্ণ গোপাল দাস (৪০)। দুজনই পেশায় কৃষক। অপর এক বজ্রপাতের ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা তিনটার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এ সময় উপজেলার করগাঁও ইউনিয়নের সাকুয়া গ্রামের পাশে হাওরে কৃষিকাজ করছিলেন জাবেদ মিয়া (২৫)। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের ইছারুল হকের ছেলে।
একই সময়ে উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষ্ণ গোপাল দাস বৃষ্টি দেখে গ্রামের মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। কৃষ্ণ গোপাল দাসের বাবার নাম হরিচরণ দাস।
পাশাপাশি একই উপজেলার কানাইপুর গ্রামে হাওরে মাছ ধরা অবস্থায় বজ্রপাতের আঘাতে এতিম আলী (৩৫) ও অজ্ঞাতনামা (৩৭) এক ব্যক্তি গুরুতর আহত হন। এর মধ্যে এতিম আলীকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অজ্ঞাতনামা ব্যক্তিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান প্রথম আলোকে জানান, বজ্রপাতে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার গ্রামে সোমবার বিকেলে বজ্রপাতে আরিফ মিয়া (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আরিফ মিয়া ওই গ্রামের আয়নাল হকের ছেলে। সে স্থানীয় সোনার বাংলা ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আজম শাহ বলেন, আরিফ সোমবার বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বজ্রপাতে আরিফের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।
বগুড়া প্রতিনিধি জানিয়েছেন, বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রপাতে তবিবর রহমান (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামের মাঠে আমন খেতে ঘাস নিড়ানির কাজ করতে গেলে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। নিহত তবিবর রহমান প্রথমারছেও গ্রামের বাসিন্দা।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রথমারছেও গ্রামের একজন কৃষকের আমন খেতে ঘাস নিড়ানির কাজ করতে যান তবিবর রহমানসহ কয়েকজন দিনমজুর। সকাল সাড়ে নয়টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁরা পাশের শ্যালোমেশিন ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তবিবর রহমান ছাড়াও দিনমজুর মিলন মিয়া (৩৮), এরশাদ হোসেন (৩২), লিটন মিয়া (৩০), আজিবর রহমান (৫০) এবং লুৎফর রহমান (৫৪) আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তবিবর রহমান এবং লিটন মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তবিবর রহমানকে মৃত ঘোষণা করেন।
নাটোর প্রতিনিধি জানিয়েছেন, আজ সন্ধ্যায় বজ্রপাতে নাটোর সদর উপজেলার জংলি গ্রামে নুরুজ্জামান (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, সন্ধ্যায় তাঁর ইউনিয়নের জংলি গ্রামের একটি কড়ইগাছের ওপর বজ্রপাত হয়। এ সময় গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে নুরুজ্জামান। তিনি বজ্রপাতে দগ্ধ হয়ে মারা যান। নিহত নুরুজ্জামান নাটোর এন এস সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বজ্রপাতে ওই গাছটি সম্পূর্ণ পুড়ে গেছে।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহীর বাগমারা উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম সজীব হোসেন (১৪)। সে উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকার বিষুপাড়া মহল্লার বাবুল হোসেনের ছেলে।
পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় কিশোর সজীব বাড়ির পাশের একটি বিলে মাছ ধরার জন্য চাঁই নিয়ে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাস্থলের অদূরে থাকা লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সজীব মারা যায়।
বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কিশোরগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, নিকলী (কিশোরগঞ্জ), বগুড়া, নাটের ও বাগমারা (রাজশাহী) প্রতিনিধি}