বজ্রপাতে চারজনের মৃত্যু
সাতক্ষীরায় গত শনিবার বজ্রপাতে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই দিন বজ্রপাতের সময় বাগেরহাটে নদীতে নিখোঁজ হওয়া এক জেলের লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার উমরাপাড়া এলাকার কৃষি শ্রমিক আবদুস ছাত্তার (৪৩) মাছখোলা বিলে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।
গতকাল দুপুর দেড়টার দিকে কয়ালপাড়ায় ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কাজ করছিলেন সকিনা বিবি (৩০)। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। একই সময়ে উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের রাশিদা খাতুন (২৮) বাড়ি ফিরছিলেন। চুনাসেতুর কাছে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগীর মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে মাছ শিকারের সময় বজ্রপাত হলে কবীর হাওলাদার (৪২) নামের এক জেলে নিখোঁজ হন। গতকাল নদীর উত্তর পাড়ের বদনীভাঙ্গা চর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।