বজ্রপাতে চারজনের মৃত্যু
বজ্রপাতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল সোমবার বিকেলে শিশুসহ তিনজন ও রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত সাতজন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে ঝড় শুরু হয়। এ সময় ধরমপাশার টগার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিংলীগড়া গ্রামের ফারুক (২৬) ও বড়খলা গ্রামের হেকিম মিয়া (৪২) আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। প্রায় একই সময় বজ্রপাতের শব্দে উপজেলার কামাউড়া গ্রামের দিলু (৭) নামের এক শিশু মারা যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা প্রথম আলোকে বলেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। অন্যদিকে, গতকাল রাত আটটার দিকে প্রচণ্ড ঝড়ের সময় কমলগঞ্জের শ্রীসূর্ষ গ্রামে বজ্রপাতে নিলা বেগম (১৩) মারা যায়।