বজ্রপাতে ছাত্রসহ পাঁচজন নিহত
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন হাসনাত বজ্রপাতে মারা গেছেন। এ ছাড়া বজ্রপাতে বরগুনার আমতলী উপজেলায় দুজন, পটুয়াখালীর বাউফলে একজন ও যশোরের কেশবপুরে একজন প্রাণ হারিয়েছেন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
গোপালগঞ্জেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এলএলবি (সম্মান) প্রথম বর্ষের ছাত্র হারুন হাসনাত গত বৃহস্পতিবার বিকেলে সেমিস্টার পরীক্ষা শেষে ইফতার করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি গোবরা গ্রামে তাঁর মেসে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের নশা আকন (৫০) ও চালিতাবুনিয়া গ্রামের গাজী রাসেল মিয়া (২৬) বৃহস্পতিবার রাতে বজ্রপাতে মারা গেছেন। উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের নশা আকন ও চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের গাজী রাসেল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে প্রাণ হারান।
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফোরকান মৃধা (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান ফোরকান মৃধা। ওই সময় হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান।
যশোরের কেশবপুর উপজেলার আওলগাতি গ্রামের কৃষক অজিয়ার রহমান (৩৭) গতকাল বেলা তিনটার দিকে বাড়ির উঠানে আম পাড়তে গাছে ওঠেন। এ সময় বজ্রপাত হলে অজিয়ার রহমান ঝলসে যান এবং তখনই তিনি মারা যান। গাছের নিচে আম কুড়াতে যাওয়া ছেলে মিন্টু (১২) আহত হয়। তাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।