বজ্রপাতে তিন জেলায় নিহত ৬
সুনামগঞ্জ, জামালপুর ও দিনাজপুরে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। আজ শনিবার দিনের বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছে। আজ সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দিরাই উপজেলার মাহতাবপুর গ্রামের হরিবক্ত দাশ (৪৫) ও উরদনপুর গ্রামের আবদুল কাদের (১৮), তাহিরপুর উপজেলার কোনাপাড়া গ্রামের রাশেদা বেগম (৪০) এবং ধরমপামা উপজেলার শিবরামপুর গ্রামের আবদুল জলিল (৫০)।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুনুর রশীদ বলেন, সকাল থেকে সারা জেলায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। নয়টার দিকে খেতে কাজ করার সময় হরিবক্ত দাশ, আবদুল কাদের ও আবদুল জলিল বজ্রপাতে নিহত হন। বাড়ির পাশে কাজ করার সময় মারা যান রাশেদা। এখনো কোনো মামলা হয়নি বলে জানান পুলিশ সুপার।
জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চরহাতিভাঙ্গা গ্রামে আজ সকালে বজ্রপাতে রুবেল হোসেন (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা আবদুল মজিদও আহত হন।
নিহত রুবেল হোসেনের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চরহাতিভাঙ্গা গ্রামে। হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান মো. আবু হানিফের দেওয়া তথ্যমতে, চরহাতিভাঙ্গা গ্রামে সকাল ১০টার দিকে দিকে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি হয়। এ সময় আবদুল মজিদ ও তাঁর ছেলে রুবেল হোসেন বাড়ির পাশের একটি ধান খেতে কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে রুবেলের মৃত্যু হয়। আহত আবদুল মজিদকে স্থানীয় লোকজন দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুরের বিরামপুর পৌর শহরের চাঁদপুর এলাকায় সকালে বজ্রপাতে ফেরদৌস আহমেদ (৪০) নামের এক কৃষক মারা গেছেন। ফেরদৌস আহমেদের বাড়ি শিমুলতলি গ্রামে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামানের ভাষ্য, সকাল সাতটার দিকে চাঁদপুর এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে ফেরদৌস মারা যান।