বজ্রপাতে তিন জেলায় আরও সাতজনের মৃত্যু
গত সোমবার সাতজন এবং গত ১২ ও ১৩ মে ৮১ জনের মৃত্যুসহ চার দিনে বজ্রপাতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৫
বজ্রপাতে গতকাল মঙ্গলবার একই পরিবারের তিনজনসহ তিনটি জেলায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত সোমবার তিন জেলায় সাতজন এবং গত ১২ ও ১৩ মে ২৬টি জেলায় ৮১ জনের মৃত্যুসহ চার দিনে বজ্রপাতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৫।
নোয়াখালীরকোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মা-বাবা, তাঁদের দুই বছরের ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মুছাপুর ইউনিয়নে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মোবারক আলী বাড়ির আবদুল মালেকের ছেলে ছায়দুল হক (২৮), তাঁর স্ত্রী লাইজু আক্তার (২৪) ও তাঁদের ছেলে মো. ইমন। ছায়দুল হক স্ত্রী-সন্তানসহ দুপুরে বাড়ি থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে চড়ে পার্শ্ববর্তী উপজেলার চরফকিরা ইউনিয়নে যাচ্ছিলেন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র খায়রুল ইসলাম গতকাল দুপুরে ধানখেতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। এ ছাড়া, তুষখালী ইউনিয়নের ছোটমাছুয়া গ্রামে বজ্রপাতে সুমি আক্তার (৩০) নামের এক গৃহবধূ মারা গেছেন।
বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে বেলা ১১টার দিকে বজ্রপাতে আবু আকন (৪৫) নামে এক কৃষক আহত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা সোয়া একটায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বরিশাল সদরের শায়েস্তাবাদ ইউনিয়নের মৃধারহাট বাজারে সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎস্পৃস্ট হয়ে এসকেন আলী হাওলাদার নামে এক ব্যবসায়ী আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।