বজ্রপাতে তিন জেলায় আরও সাতজনের মৃত্যু
বজ্রপাতে গতকাল মঙ্গলবার একই পরিবারের তিনজনসহ তিনটি জেলায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত সোমবার তিন জেলায় সাতজন এবং গত ১২ ও ১৩ মে ২৬টি জেলায় ৮১ জনের মৃত্যুসহ চার দিনে বজ্রপাতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৫। নোয়াখালীরকোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মা-বাবা, তাঁদের দুই বছরের ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মুছাপুর ইউনিয়নে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। তাঁরা হলেন কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মোবারক আলী বাড়ির আবদুল মালেকের ছেলে ছায়দুল হক (২৮), তাঁর স্ত্রী লাইজু আক্তার (২৪) ও তাঁদের ছেলে মো. ইমন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র খায়রুল ইসলাম গতকাল দুপুরে ধানখেতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। এ ছাড়া, তুষখালী ইউনিয়নের ছোটমাছুয়া গ্রামে বজ্রপাতে সুমি আক্তার (৩০) নামের এক গৃহবধূ মারা গেছেন।
বরিশালের বাবুগঞ্জের চণ্ডীপুর গ্রামে বজ্রপাতে আবু আকন (৪৫) নামে এক কৃষক আহত হন। স্বজনেরা তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।