বজ্রপাতে তিন জেলায় ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল শনিবার বজ্রপাতে ছয়জন মারা গেছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মৃত ব্যক্তিরা হলেন কামাল হোসেন (২২), সিরাজ উদ দৌলাহ (৪০), মোহাম্মদ বাবুল (৩৫), রণি পান তাঁতি (২০), হাসান উদ্দিন (১৮) ও কামাল উদ্দিন (৩৫)।
কক্সবাজার: পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের কামাল হোসেন জাল নিয়ে সমুদ্রসৈকতে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজ উদ্দিন বজ্রপাতে কামাল হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিলের একটি চিংড়ি খামারে সকালে মাছ ধরতে যান সিরাজ উদ দৌলাহ। বেলা ১১টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে চিংড়ি খামারে খুঁজতে যান। সেখানে সিরাজকে পড়ে থাকতে দেখা যায়। পরে সিরাজকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পালংখালী ইউপির চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বজ্রপাতে সিরাজ উদ দৌলাহর মৃত্যু হয়েছে।
উখিয়া থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে গতকাল সকালে আমনের বীজতলা তৈরির সময় বজ্রপাতে মোহাম্মদ বাবুল নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় একটি গরুও মারা যায়। বজ্রপাতে ঝলসে গেছে আরেকটি গরু।
নিহত বাবুলের বাড়ি পুরুত্যাখালী গ্রামে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাহেদুল ইসলাম বজ্রপাতে কৃষকের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
নোয়াখালী: উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজার থেকে বাড়ি ফেরার পথে ভ্যানগাড়িচালক কামাল উদ্দিন বজ্রপাতে মারা যান। এর আগে সকাল ১০টার দিকে একই ইউনিয়নের কাটাখালী গ্রামে বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান হাসান উদ্দিন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈনউদ্দিন বলেন, নিহত দুই ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে বজ্রপাতে নিহত ব্যক্তি কৈয়াছড়া চা-বাগানের শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বেলা একটার দিকে রণি পান তাঁতি ও চন্দন পান তাঁতি (২০) বাগানের জিয়ানগর এলাকায় গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় বজ্রপাতে তাঁরা আহত হন। হাসপাতালে নেওয়ার পথে রণি পান তাঁতি মারা যান। আহত চন্দন পান তাঁতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কৈয়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।