বজ্রপাতে তিন জেলায় তিন জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজারের চকরিয়ায় গতকাল শুক্রবার বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।
নোয়াখালী: স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আকরাম উদ্দিন গ্রামে বজ্রপাতে মো. ইস্রাফিল ওরফে দুদা মিয়া (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন বলেন, গতকাল সকাল থেকে জমিতে ধানের চারা রোপণ করছিলেন কৃষক দুদা মিয়া। দুপুর ১২টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
লক্ষ্মীপুর: স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমণ্ডল গ্রামের মাঠে গতকাল সকাল থেকে ইছমাইল হোসেন নামের এক ব্যক্তি ও তাঁর ভাগনে সজীব হোসেন (৪০) আমন ধানের চারা রোপণ করছিলেন। দুপুর ১২টার দিকে বজ্রপাতে সজীব হোসেন ও ইছমাইল হোসেন আহত হন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সজীব হোসেন মারা যান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ইছমাইলকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া: চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ভ্যাইজাঘোনা এলাকায় গতকাল বিকেলে বজ্রপাতে আবু ছৈয়দ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন বলেন, আবু ছৈয়দ বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।