বজ্রপাতে পাঁচ জেলায় নিহত ১০
বজ্রপাতে চাঁদপুর সদরে মা ও ছেলে এবং ময়মনসিংহে দুই সহোদর নিহত হয়েছেন। এ দুই ঘটনাসহ পাঁচ জেলায় বজ্রপাতে ১০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে নিহতের এসব ঘটনা ঘটে।
আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর সদরে বজ্রপাতে সেলিনা বেগম (৪০) ও তাঁর ছেলে ইয়াসিন সরদার (১৫) নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। আজ দুপুরে বৃষ্টির সময় সেলিনা বাড়ির পাশের পুকুরে হাতমুখ ধুয়ে তাঁর ছেলে ইয়াসিনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে মা ও ছেলে গুরুতর আহত হন। পরে তাঁদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রাউতি গ্রামে বজ্রপাতে এমদাদ মিয়া (৪০) ও আসাদ মিয়া (৪৫) নামের দুই ভাই নিহত হয়েছেন। আজ সকালে দুই ভাই বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁরা মারা যান।
এদিকে বেলা ২টার দিকে ময়মনসিংহ জিলা স্কুল মাঠে ১৫ জনের মতো শিক্ষার্থী বৃষ্টির সময় ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান খান (১৪) গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম নুর মোহাম্মদ খান।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মরদাসাদী এলাকায় বজ্রপাতে সুবেদা বেগম (৩৫) ও মনোহরদী এলাকায় জামিল মিয়া (৪৫) নিহত হয়েছেন। সকালে জমি থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে সুবেদা বেগম ঘটনাস্থলে মারা যান। অপরদিকে জামিল মিয়া বিলে মাছ ধরতে যাওয়ার পথে বজ্রপাতের আঘাতে মারা যান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নিহতদের লাশ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দুপুরে বজ্রপাতে ৭ বছর বয়সী আব্দুল মালেক নিহত হয়েছে। বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সে ঘটনাস্থলে মারা যায়। নিহত আব্দুল মালেক উপজেলার কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার রবিউল ইসলামের ছেলে। অপরদিকে একই সময়ে উপজেলার কুতুবপুর গ্রামের কাটাবাগান মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুস সামাদ মারা যান। দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের পিয়ারগাঁও গ্রামে আজ দুপুরে বজ্রপাতে নব চন্দ্র (৩২) নামের এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। তিনি রিকশাভ্যান চালিয়ে কালবৈশাখী ঝড়ের মধ্যে বাড়ি ফিরছিলেন।