বজ্রপাতে তিন জেলায় প্রাণ গেল পাঁচজনের
পাবনা সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে এক তরুণ মারা গেছেন। একই দিন বগুড়ার সারিয়াকান্দিতে দুই শিক্ষার্থী এবং রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: বজ্রপাতে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মুরাদ হোসেন (১৮) প্রাণ হারান এবং তাঁর চাচা জব্বার আলী (৬০) আহত হন। বেলা দুইটার দিকে বৃষ্টির মধ্যে মুরাদ ও জব্বার আলী ফসলের মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তাঁরা দুজনই দগ্ধ হন ও জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
বগুড়া: সারিয়াকান্দি উপজেলায় বেলা আড়াইটার দিকে বাঙ্গালী নদীতে বৃষ্টির মধ্যে মাছ ধরতে নেমে বজ্রপাতে বিপুল মিয়া (১১) ও বিশাল হোসেন (১২) মারা যায়। বিপুল উপজেলার হাটশেরপুর ইউনিয়নের বলাইল গ্রামের বেলাল হোসেন মোল্লার এবং বিশাল একই গ্রামের জহুরুল আকন্দের ছেলে।
বদরগঞ্জ (রংপুর): উপজেলার শ্মশান ভাংড়িঘাটে চিকলী নদীর পাড়ে বজ্রপাতে দুজন নিহত ও শিক্ষার্থীসহ আটজন আহত হয়েছেন। চিকলী নদী পার হওয়ার জন্য বেলা একটার দিকে ঘাটের এক প্রান্তে নৌকার জন্য অপেক্ষা করতে থাকেন অন্তত ২০ জন পথচারী। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে আটজন আহত হন। তাঁদের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। তাঁরা হলেন উপজেলার শেখেরহাট বৈরাগীটারি গ্রামের জ্যোতিষ চন্দ্র বর্মণ (৪০) ও চিলাপাক উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩০)।