বজ্রপাতে তিন ভাইসহ চারজনের মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা-বাগান এলাকায় গত শুক্রবার রাতে বজ্রপাতের ঘটনায় তিন ভাইসহ চারজন প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তিদের সবাই ত্রিপুরা চা-শ্রমিক পরিবারের সদস্য।
মৃত ব্যক্তিরা হলেন বাগানের শ্রমিক সবিন উরার ছেলে সঞ্চয় উরা (২২), তাঁর ছোট ভাই দীপক উরা (১৬), বিপ্লব (১৪) ও প্রতিবেশী চা-শ্রমিক দুর্গা দেবীর মেয়ে রজনী (১১)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হয়। রাত নয়টার দিকে বাহুবল উপজেলার আমতলী চা-বাগান এলাকায় চা-শ্রমিক সবিন উরার ঘরে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর ছেলে সঞ্চয় উরা ও দীপক উরার মৃত্যু হয়। আহত হয় তাঁর আরেক ছেলে বিপ্লব উরা (১৪)। পাশের ঘরের চা-শ্রমিক দুর্গা দেবীর মেয়ে রজনী বজ্রপাতে প্রাণ হারায়। বিপ্লবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল শনিবার ভোরে বিপ্লব মারা যায়।