বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও লালমনিরহাটে আজ বৃহস্পতিবার বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় দুজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কাজীপাড়ায় আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বজ্রপাতে ফুফু ও ভাতিজির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হালিমা খাতুন (৩৫) ও ফাতেমা খাতুন (১২)। হালিমা উপজেলার ঘোনা কাজীপাড়ার হাফিজুর রহমান কাজীর স্ত্রী। ফাতেমা একই গ্রামের আনারুল ইসলাম কাজীর মেয়ে। সে ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান জানান, বাড়ির সামনে একটি মেহগনিগাছের নিচে দাঁড়িয়ে কথা বলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ কিশোর এলাকায় বজ্রপাতে বঙ্কিম চন্দ্র (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার বাবার নাম রবীন্দ্রনাথ রায়। বঙ্কিম কালীগঞ্জের দলগ্রাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
কালীগঞ্জ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বঙ্কিম তার বাবার সঙ্গে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন।