বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ১
বজ্রপাতে গতকাল বৃহস্পতিবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্র ও পটুয়াখালীর কলাপাড়ায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম (১১), আনোয়ার হোসেন গাজী (৪৫) ও মো. সাইফুল ইসলাম (১৮)।
কামরুল ইসলাম মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ভান্ডারিঘাট গ্রামের ইসমাইল দেওয়ানের ছেলে এবং উলানিয়া করনেশন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছুটির পর স্কুল থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল কামরুল। বেলা দেড়টার দিকে পূর্ব সট্টি পঞ্চায়েত বাড়ি অতিক্রমকালে বজ্রপাত ঘটে। এ সময় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শিক্ষার্থী কামরুল। পরে স্থানীয় লোকজন উদ্ধার করার আগেই মারা যায় কামরুল।
মারা যাওয়া আনোয়ার হোসেন গাজী কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের এবং সাইফুল ইসলাম ধুলাসার ইউনিয়নের চর চাপলী গ্রামের বাসিন্দা ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ার হোসেন গাজী ও তাঁর ভগ্নিপতি সালাহউদ্দিন মিয়া (৪০) পাশাপাশি কৃষিজমিতে কাজ করছিলেন। গতকাল পৌনে দুইটার দিকে হঠাৎ বজ্রপাতে আনোয়ার হোসেন গাজীর মৃত্যু হয়। সালাহউদ্দিন মিয়ার শরীর ঝলসে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে মো. সাইফুল ইসলাম বসতঘর থেকে বের হয়ে শৌচাগারে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. বেল্লাল হোসেন বলেন, সালাহউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।