বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তাঁর নাম ওয়াসিদ মিয়া (২৫)। আজ শুক্রবার বিকেল পাঁচটায় মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটা থেকে কমলগঞ্জে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় নিহত ওয়াসিদ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা-বাগান ফুটবল মাঠ এলাকায় ছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন ওয়াসিদকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবজ্যোতি সিনহা তাঁকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ওয়াসিদ মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে। নিহত ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।