বজ্রপাতে দুই কৃষক ও এক স্কুলছাত্রের মৃত্যু
মানিকগঞ্জ ও টাঙ্গাইলে গতকাল মঙ্গলবার দুপুরে বজ্রপাতে এক স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে৷
নিহত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের চরকাটারী গ্রামের কৃষক মজিবর রহমান (৪০), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোরমা গ্রামের কৃষিশ্রমিক আবদুল হান্নান (৩৫) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রেহাইপাইকেল গ্রামের শহীদ মোল্লার ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আবদুল হালিম (৮)৷
চরকাটারী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বেলা একটার দিকে চরকাটারী গ্রামে কৃষক মজিবর বাড়ির পাশে জঙ্গল পরিষ্কার করছিলেন৷ এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷
নাগরপুরের দপ্তিয়র ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, বেলা একটার দিকে রেহাইপাইকেল গ্রামের কবির হোসেন (১৮) ও স্কুলছাত্র হালিম বাড়ির পাশে ফুটবল খেলছিল৷ এ সময় বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হয়৷ তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করেন৷
এদিকে সাটুরিয়া থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, গতকাল দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে খেতে ধান কাটার সময় বজ্রপাতে হান্নান নামের এক কৃষিশ্রমিক মারা যান৷