বজ্রপাতে দুই ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মজলিসপুর মহল্লায় গতকাল শুক্রবার বজ্রপাতে ইমন দেবনাথ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
একই দিন বজ্রপাতে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা গ্রামে রায়হান আহমদ (১০) নামে আরেক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে মজলিসপুর গ্রামের মাঠে একদল যুবক ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয় ও একই এলাকার ঘাগটিয়া গ্রামের সুশংকর দাশ (২০) আহত হন।
নিহত ইমন দেবনাথ দিরাই উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
দিরাই থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যায় নারাইনপাশা গ্রামের স্কুলছাত্র রায়হান আহমদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ছাড়া বজ্রপাতে একই গ্রামের আবদুল হান্নানের একটি গরুও মারা যায়। রায়হান নারাইনপাশা গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে নারাইনপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গোলাপ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।