বজ্রপাতে দুই জেলায় নিহত ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে গতকাল সোমবার সন্ধ্যায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে চারজন এবং দিনাজপুরে দুজন নিহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সোনারদীচর গ্রামের বাসিন্দা ফুলেরা বেগম (৩৫) ও তাঁর মেয়ে ববিতা খাতুন (৮) এবং কালীনগর-ছাভানিয়া গ্রামে রেবিনা বেগম (৫০) বজ্রপাতে নিহত হন। একই গ্রামের শরিফুন নেসা (৪০) এবং সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রামের সুমেরা বেগম (৩৫) আহত হন। তাঁদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর কবীর এর সত্যতা নিশ্চিত করেছেন।

একই সময় শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর ইউনিয়নের বহলাবাড়ি গ্রামের সাইদুর রহমান (২৫) বজ্রপাতে মারা যান। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দিনাজপুরে বজ্রপাতে নিহত দুই ব্যক্তি হলেন বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোসাম্মৎ মনোয়ারা বেগম (৪৫)  এবং তাঁর ভাগনিজামাই মহুবর   রহমান (৩৫)।