বজ্রপাতে দুই জেলায় নিহত ২
নোয়াখালী ও সুনামগঞ্জে আজ শনিবার বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। নোয়াখালীতে আজ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি বোরো ও রবি ফসলের ক্ষতি হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর এলাকায় ঝড়ের সময় বজ্রপাতে মো. সেলিম (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। আজ বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ঝড়ে সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজের ঘরের টিনের চালের আংশিক ক্ষতি হয়েছে। এতে ভেতরে থাকা স্কাউটদের কম্পিউটার ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ।
সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম মিয়া বলেন, ঝড়ের সময় মো. সেলিমের বজ্রপাতে মৃত্যু হয়। তিনি ঝড়-বৃষ্টি দেখে মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন। এ ছাড়া ঝড়ে ইউনিয়নের উঠতি তরমুজ, সয়াবিনসহ বিভিন্ন রবি ফসলের ক্ষতি হয়েছে বলেও জানান তরিকুল ইসলাম।
বিভিন্ন এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা একটার দিকে জেলার চাটখিল, বেগমগঞ্জ, সদর ও সুবর্ণচর উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের সঙ্গে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। এতে উঠতি বোরো ফসল ও রবি ফসলের ক্ষতি হয়েছে। এ ছাড়া গাছপালা উপড়ে পড়ে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
আবহাওয়া অধিদপ্তরের জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ দুপুরে প্রায় দুই ঘণ্টায় নোয়াখালীতে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক (ডিডি) প্রণব ভট্টাচার্য গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, জেলার বিভিন্ন উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এর মধ্যে চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শিলাবৃষ্টিতে বোরো ধান ও রবি ফসল বিশেষ করে তরমুজের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করে এই কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির তথ্য জানানোর জন্য নিজ নিজ উপজেলার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে পরিমাণ জানা যাবে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গতকাল শনিবার বজ্রপাতে দিদার মিয়া (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বৃন্দাবন গ্রামের আহাদ মিয়ার ছেলে।
ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মনাফ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের পাশের খেয়াঘাটে দিদার মিয়া খেয়া নৌকার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। এ সময় বজ্রপাতে দিদার মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে তিনটায় তিনি মারা যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বজ্রপাতের যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছেন বলে জানান।