বজ্রপাতে দুই ভাইসহ চারজনের মৃত্যু
বরগুনার বেতাগী উপজেলায় বজ্রপাতে দুই ভাই মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. রিয়াজ হোসেন (২৫) ও তাঁর ছোট ভাই ইলিয়াস হোসেন (২২)।
একই দিন বজ্রপাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে বিজন হালদার (৩৫) নামের এক কৃষক এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামে মো. আল আমীন খান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বরগুনা: বেতাগীতে মারা যাওয়া ব্যক্তিদের পারিবার সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াজ ও ইলিয়াস দুই ভাই নিজেদের খেতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাই গুরুতর আহত হন। পরে তাঁদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সোবহান গতকাল বিকেলে বলেন, রিয়াজ ও ইলিয়াসের লাশ গতকাল বিকেলে পশ্চিম কাউনিয়ায় গ্রামের বাড়িতে আনা হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ইলিয়াস চার মাস আগে বিয়ে করেছিলেন।
মঠবাড়িয়া (পিরোজপুর): এদিকে মঠবাড়িয়ায় গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে মারা যাওয়া বিজন হালদার হারজী নলবুনিয়া গ্রামের মৃত মন্টু হালদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বিজন হালদার বাড়ির কাছে মাঠে কাজ করছিলেন। বেলা পৌনে দুইটার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে বিজন ঘটনাস্থলে মারা যান। উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামে গতকাল দুপুরে বজ্রপাতে মো. আল আমীন খান নামে এক যুবক মারা যান। গ্রামের বাসিন্দারা জানান, আল আমীন খান গ্রামের বাজার থেকে তাহেরপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি গ্রামীণ মেঠোপথ ধরে আসার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। পেশায় রাজমিস্ত্রী আল আমীন তাহেরপুর গ্রামের আফজাল খানের ছেলে।