বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এবং বানিয়াচং উপজেলার কামালখানিতে আজ সোমবার বজ্রপাতে দুই ভাইসহ তিনজন প্রাণ হারিয়েছেন। 

নিহত ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা দেবপাড়া গ্রামের বুদ্ধি মিয়ার দুই ছেলে আবদুল আলী (৪৫) ও ওয়ালি মিয়া (৪০) এবং কামালখানি গ্রামের মুছা উল্লাহর ছেলে জুয়েল মিয়া (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে আবদুল আলী ও ওয়ালি মিয়া নিজেদের জমির ধান কাটতে শ্রমিক নিয়ে গুঙ্গিয়াজুরী হাওরে যান। সেখানে ধান কাটার কাজ শেষে করে বিকেল পাঁচটার দিকে একটি নৌকাবোঝাই ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাঁদের নৌকাটি গুঙ্গিয়াজুড়ি হাওরের কড়িয়াখালে পৌঁছালে বজ্রপাতে দুই ভাই মারা যান। এ ঘটনার আহত হন ধান কাটার শ্রমিক রুবেল মিয়া (২৫)। তাঁকে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন দুই ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
একই দিন বেলা তিনটার দিকে জেলার বানিয়াচং উপজেলার কামালখানির এলাকায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ট্রলিচালক জুয়েল। হাওর থেকে কাটা ধান তিনি ট্রলিতে নিয়ে বাড়ি ফিরছিলেন। বেলা তিনটার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।