বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নাবিরবহর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে দুই শিশু মারা গেছে। আহত হয়েছে আরও তিন শিশু।নিহত শিশুরা হলো নাবিরবহর গ্রামের হামেদ আলীর ছেলে লাল চান ওরফে রবিন (১০) ও একই গ্রামের আবদুল আলীর মেয়ে ইতি আক্তার (১২)। স্থানীয় লোকজনের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নাবিরবহর গ্রামের পাঁচ-ছয়টি শিশু বাড়ির পাশের একটি মাঠে বৃষ্টির মধ্যে খেলছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইতি ও রবিনের মৃত্যু হয়। আহত হয় তিন শিশু। আশপাশের লোকজন আহত তিন শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।