বজ্রপাতে দুই শিশুসহ তিন জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকলা চা-বাগানে গতকাল রোববার বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। একইদিন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামে বজ্রপাতে শহীদুল্লাহ (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। পাত্রকলা চা-বাগানের ব্যবস্থাপক মো. শামছুল ইসলাম জানান, দুপুর পৌনে ১২টায় আকাশ কালো হয়ে ঝড়-বাতাস বইতে শুরু করে। এ সময় বজ্রপাত শুরু হলে চা-বাগানের শ্রমিক বাবুলের ছেলে সুনীল (১৩) ও সুজার ছেলে গণেশ (১৫) ঘটনাস্থলেই মারা যায়। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পকুমার কানু বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, বেলা তিনটার দিকে শহীদুল্লাহ দেওঘর ইউনিয়নের একটি হাওর থেকে বোরো ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে শহীদুল্লাহ বাড়ির উঠানে মারা যান। বাজ পড়ে আহত হয়েছেন একই গ্রামের আবদুল করিমের স্ত্রী আম্বিয়া খাতুন (২৮)।