বজ্রপাতে দুই শিশুসহ নিহত ৩
নেত্রকোনার কলমাকান্দা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে দুই শিশু ও এক কিশোর নিহত হয়েছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছে। কলমাকান্দার সিধলী চরপাড়া গ্রামের আলমগীরের ছেলে সোহেল মিয়া (৭) গত রোববার বিকেলে বজ্রপাতে মারা গেছে। আহত হয়েছেন একই গ্রামের মনফর আলী (৭০) ও নূরজাহান বেগম (২৫)। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত রোববার বেলা দুইটার দিকে তাঁরা এলাকার পুকুরিয়া খালে গোসল করতে যান। হালকা বৃষ্টির সঙ্গে সে সময় বজ্রপাত হলে সোহেল ঘটনাস্থলেই মারা যায়। এতে অপর দুজন আহত হন। সিধলী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বজ্রপাতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে কসবার কাশিরামপুর গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় বজ্রপাতে আকলিমা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আকলিমা কামিরামপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। এদিকে উপজেলার রামপুর গ্রামে রানা মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র বজ্রপাতে নিহত হয়েছে। সে ওই গ্রামের জহিরুলের ছেলে।