বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলো রানিদিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে হৃদয় মিয়া (১৪) ও সাইদুর রহমানের ছেলে মামুন মিয়া (১৪)। তারা অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আহত হজরত আলী (১৪) তাদের সহপাঠী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্ররা গ্রামের মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে সন্ধ্যায় বজ্রপাত হয়। এতে হৃদয়, মামুন ও হজরত আহত হয়। তাদের রাত সোয়া আটটার দিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় হৃদয় ও মামুনকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ফাহমিদা আলতাফ মৃত ঘোষণা করেন।

ফাহমিদা আলতাফ প্রথম আলোকে বলেন, বজ্রপাতে মামুন ও হৃদয়ের শরীর ঝলসে গেছে। হজরত আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে অনুদান দেওয়া হবে।