বজ্রপাতে দুজন নিহত ও একজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনা ও করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার গভীর রাতে দমকা বাতাস ও বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে সোহেল (২৩) নামে একজন নিহত হন। নিহত সোহেলের বাড়ি ইটনা উপজেলার চৌগাঙ্গা মীরেরভিটা গ্রামে। তাঁর বাবার নাম শুক্কুর আলী। বজ্রপাতে শহীদ মিয়া (১৯) নামে একজন আহত হয়েছেন। তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর বাড়িও একই এলাকায়। এদিকে করিমগঞ্জ উপজেলার শাগলি এলাকায় রাতে বৃষ্টির সময় ধানের বাথানে থাকা অবস্থায় কৃষক আবদুল গণি (২৫) নিহত হন।নিহত আবদুল গণি উপজেলার মাঝিরকোনা গ্রামের ইছামউদ্দিনের ছেলে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সালাম মিয়া বজ্রপাতে নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।