বজ্রপাতে দুজনের মৃত্যু
রাজশাহীর মোহনপুর ও নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে গতকাল সোমবার দুজনের মৃত্যু হয়েছে। এ দুজন হলেন মোহনপুরে জাহানারা বিবি (৪৫) ও নিয়ামতপুরে আজহার আলী (৫০)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, গতকাল দুপুরে উপজেলার গোঠা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের মৃত কলিম উদ্দিনের স্ত্রী জাহানারা বিবি দুপুরে মাঠে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।
এদিকে নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের ছাতড়া বিলে বজ্রপাতে আজহার আলী মারা যান। তিনি ওই ইউনিয়নের কয়েশ গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বেলা তিনটার দিকে আজহার আলী বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ছাতড়া বিলে তাঁর জমির ধান দেখতে যান। এ সময় বজ্রপাতে তিনি সেখানেই মারা যান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।