বজ্রপাতে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ ও গাইবান্ধায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার বৃষ্টির সময় এ হতাহতের ঘটনা ঘটে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, বুধবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় হাওরের রহমতপুর এলাকায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। তাঁর নাম সুশেল মিয়া (৩২)। তিনি একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। এ সময় আহত হন ওই এলাকার কৃষক মো. তবারক মিয়া (২৮) ও জিয়াউল ইসলাম (২০)। তাঁদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের বুলবুলিরচর এলাকায় বুধবার দুপুরে বজ্রপাতে আলেয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের তিনথোপা গ্রামের আবদুল আলিম মোল্লার স্ত্রী।

বুধবার বেলা দেড়টার দিকে আলেয়া বেগম বাড়ির অদূরে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছেন এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান।