বজ্রপাতে দুজনের মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার
বজ্রপাতে গতকাল বৃহস্পতিবার নাটোরে মিরাজ উদ্দিন (৩০) নামে এক কৃষক ও নওগাঁর সাপাহারে আবদুর নুর (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। একই দিন সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে বাদশা মিয়া (২৭) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার বড়ভিটা এলাকায় নিজ জমিতে কাজ করছিল মিরাজ উদ্দিন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মিরাজ উদ্দিন একই এলাকার লাল মিয়ার ছেলে।
নওগাঁ: গতকাল বৃহস্পতিবার সাড়ে তিনটার দিকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের আইজুল হকের ছেলে আবদুর নুর বাড়ির পশ্চিম দিকের মাঠে কাজ করছিলেন। একই গ্রামের আবদুস সালামের ছেলে আসলাম (১৫) তাঁর পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বজ্রপাতে আবদুর নুর ও আসলাম আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবদুর নুর মারা যান। আসলামকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ: গতকাল বিকেল পাঁচটার দিকে সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার খান আবাসিক হোটেল থেকে বাদশা মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের রেজিস্টার অনুযায়ী তিনি কিশোরগঞ্জ জেলা সদরের নথতলা গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।
হোটেলের মালিক আবদুল হাই বলেন, বুধবার বাদশা মিয়া চতুর্থ তলার ১১ নম্বর কক্ষটি ভাড়া নেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়। পরে পুলিশ বিকেলে এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।