লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল বুধবার দুপুরে বজ্রপাতে দুজন আহত হয়েছেন। উপজেলার বাংলাবাজার রাস্তারমাথার অদূরে মেঘনা নদীতে এবং চর পোড়াগাছা ইউনিয়নের চরবেদমা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন চরবেদমা এলাকার নুরুল হক (৪৫) এবং বাগেরহাটের কচুয়া উপজেলার মাদারতোলা গ্রামের ইমাম হোসেন (২৫)।
রামগতির সেন্টারখাল ঘাটের মাছ ব্যবসায়ী (আড়তদার) মো. রফিক হাওলাদার জানান, তাঁর আড়তের জেলে ইমাম হোসেন, তোফাজ্জল হোসেন ও আলম হোসেন গতকাল দুপুরে মেঘনা নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মাছ ধরছিলেন। আকস্মিক বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইমাম হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমান উল্লাহ জানান, চর পোড়াগাছা ইউনিয়নের চরবেদমা এলাকার ব্যবসায়ী নুরুল হক ঝড়ের সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের বিকট শব্দে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বজ্রপাতে একজন জেলে নিহত হয়েছেন। ঝড়ে আরও এক ব্যক্তি মারা যাওয়ার খবর তিনি শুনছেন।
এদিকে কমলনগরে গতকাল দুপুরে ঝড়ের তাণ্ডবে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। গাছপালা উপড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিঁড়ে গেছে।
পল্লী বিদ্যুতের কমলনগর উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরিয়ত উল্লাহ জানান, গাছ উপড়ে বিভিন্ন এলাকায় সঞ্চালন লাইন ছিঁড়ে যাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়ে ঘরচাপা পড়ে উপজেলার চরঠিকা এলাকায় দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে আজগর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লুধুয়া মাছঘাটের ব্যবসায়ী মো. সোহেল জানান, মেঘনা নদীতে মাছ শিকারের সময় ঝড়ের কবলে পড়ে দুই জেলেসহ মোহাম্মদ মাঝির মাছ ধরার ট্রলার নদীতে ডুবে যায়। পরে তাঁরা সাঁতরিয়ে তীরে ওঠেন।
চরকালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েফ উল্লাহ জানান, তাঁর ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্র, ভূমি অফিস, দুইটি জামে মসজিদ, দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।
সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের জানান, তাঁর ইউনিয়নের মধ্য চরজগন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝড়ে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন জানান, ঝড়ে তাঁর ইউনিয়নেও বেশ কিছু কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলার পাটারিরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজাহান জানান, তাঁর এলাকায় ২০টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।