বজ্রপাতে দুদিনে নিহত ২৬
বিভিন্ন জেলায় গতকাল মঙ্গলবার এবং আগের দিন সোমবার বজ্রপাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ছয়জন; কিশোরগঞ্জে পাঁচজন; টাঙ্গাইলে একই পরিবারের তিনজন; রংপুর, হবিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে দুজন করে; গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, রাজশাহী, নাটোর ও মানিকগঞ্জে একজন করে নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সকাল নয়টার দিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের পাশে বেড়ামোহনা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে হৃদয় মিয়া (১৮), ইমান মিয়া (২০) ও খাইনুল হক (২২) মারা যান। এদিকে সকাল আটটার দিকে দিরাইয়ের মাটিয়াপুর গ্রাম থেকে কয়েকজন একটি নৌকায় করে দিরাই বাজারে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে শামীম মিয়া (৪৫) ও তহুর মিয়া (৩৫) মারা যান। বেলা ১১টার দিকে টুক দিরাই গ্রামে বজ্রপাতে শিশু শেমরান মিয়ার মৃত্যু হয়।
টাঙ্গাইলের মধুপুরের মাগন্তিনগরে ভোর চারটার দিকে ছাপরাঘরের চালে বজ্রপাতে নিখিল হাজং (৪২), তাঁর দুই ছেলে জজ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮) মারা যায়।
সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়নের পূর্বচর করনশীতে ঘরের চালে বজ্রপাতে ললিতা বেগম (৪০) ও তাঁর ছেলে মো. রিমন মিয়া (১৩) মারা যায়।
সোমবার দুপুরে নিকলী উপজেলার সাজনপুর হাওরে বজ্রপাতে মারা যান মো. নুরুল ইসলাম (২০) ও রুস্তম আলী (৩০)। ওই দিন দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার কাটখালী গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান নিজাম উদ্দিন (৬০)।
রংপুরের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট গ্রামে গতকাল বেলা দুইটার দিকে বজ্রপাতে সন্ধ্যা রানী (৪০) মারা গেছেন। তিনি বাড়ির উঠানে কাজ করছিলেন। একই সময় উপজেলার দক্ষিণ রামনাথপুর নামাপাড়া গ্রামে কৃষিকাজ করার সময় বজ্রপাতে পিয়ারু মুছাহারের (৬০) মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়াণপুর ইউনিয়নে গতকাল বজ্রপাতে দুই জেলে ওহিদুল হক (৪৫) ও আবদুর রাকিব (২৩) মারা গেছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ার রাইল্যা গ্রামে গতকাল সকালে বাড়ির উঠানে গরুর দুধ দোয়ানোর সময় বজ্রপাতে মইজুদ্দিন (৫৫) মারা যান। সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মূর্তাজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।
হবিগঞ্জের নবীগঞ্জের সাকুয়া ও দুর্গাপুর গ্রামে সোমবার বিকেলে বজ্রপাতে দুই কৃষক জাবেদ মিয়া (২৫) ও কৃষ্ণ গোপাল দাশ (৪০) মারা যান।
গাইবান্ধা সদরের কাবিলের বাজার গ্রামে সোমবার বিকেলে বজ্রপাতে স্কুলছাত্র আরিফ মিয়া (১০) মারা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিননগর গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে শেখ সাদি (৩০) মারা যান।
বগুড়ার গাবতলীতে সোমবার সকালে বজ্রপাতে দিনমজুর তবিবর রহমান (৫৫) নিহত হন। রাজশাহীর বাগমারায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে সজীব হোসেন (১৪) নামের এক কিশোর মারা গেছে। নাটোর সদরের জংলী গ্রামে গতকাল সন্ধ্যায় বজ্রপাতে নুরুজ্জামান (২০) মারা যান।