বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু
ফরিদপুরে গতকাল শনিবার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ভোট দিয়ে ফেরার পথে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়। চরভদ্রাসন ও নগরকান্দা উপজেলায় এসব ঘটনা ঘটে।
বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন চরভদ্রাসন উপজেলা সদরের হাজীডাঙ্গি গ্রামের কৃষক ওমর মণ্ডলের স্ত্রী আমেনা বেগম (৫০) ও নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শশা গ্রামের হাফিজ তালুকদার (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, গৃহবধূ আমেনা বেগম উপজেলা সদরের বিএসডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাতসহ ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় আমেনা বেগম বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে নগরকান্দার শশা গ্রামের কৃষক হাফিজ তালুকদার মাঠে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি মাঠের সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। বেলা পৌনে একটার দিকে সেখানে বজ্রপাত হলে হাফিজ গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।