বজ্রপাতে নিহত ১৯
কুমিল্লার বিভিন্ন উপজেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেছেন তিনজন কৃষিশ্রমিক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিহত হয়েছেন আরও তিনজন। এ ছাড়া গতকাল দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মারা গেছেন আরও সাতজন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: বিকেলে মুরাদনগরের সুবিলারচর গ্রামে আবুল কালাম (২৮), তাঁর ভাই মামুন (২৫) ও গিয়াস উদ্দিন (৩০) জমিতে ধান কাটতে যান। ওই সময় বজ্রপাতে আবুল কালাম নিহত হন। দুপুরে বুড়িচংয়ের বাকশিমুল মধ্যপাড়ায় বজ্রপাতে আশিক (২২) নামের এক ব্যক্তি নিহত হন। চান্দিনার ফাঐ গ্রামে দুপুরে বজ্রপাতে সহিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন। তিতাসে সকালে বজ্রপাতে চররাজাপুর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী সেলিনা (৩৫) ও ভিটিকান্দি ইউনিয়নের সাদ্দাম (১৮) নিহত হন। লাকসামে বজ্রপাতে সোহাগ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। তার বাড়ি মজুন্দা গ্রামে। ভৈরব: অষ্টগ্রামে সকালে বজ্রপাতে তিনজন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বোয়ালী গ্রামের সবুর (৩২) ও মির্জাপাড়া গ্রামের আকাব্বর (৩৫) এবং অষ্টগ্রামের সাভিয়ানগর গ্রামের আল আমিন (২০)। এছাড়া বাজিতপুরে বজ্রপাতে দুলাল নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া: নাসিরনগরের খাগালিয়া গ্রামে বেলা ১১টার দিকে বজ্রপাতে ওই গ্রামের কৃষক শান্তাজ মিয়া (৪০) ও তাঁর স্ত্রী নাজমা (৩৩) এবং একই গ্রামের কিশোর আলম (১৪) নিহত হন।নিকলী: নিকলীর বরুলিয়ার হাওরে দুপুরে বজ্রপাতে কাউসার (১৮) নামের এইচএসসির এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর বাড়ি নিকলী সদর ইউনিনের কুর্শা পূর্বপাড়া গ্রামে। একই সময়ে ঘোড়াদিঘা গ্রামের রবিউল্লা (৩৫) বজ্রপাতে মারা যান।পূর্বধলা: পূর্বধলায় সকালে বজ্রপাতে ফুল বানু (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বুধি গ্রামের আবু সিদ্দিকের স্ত্রী। নান্দাইল: সকালে বজ্রপাতে কাজল নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি ধনারামা গ্রামে।কেন্দুয়া: কেন্দুয়ার কুমুরউড়া গ্রামে সকালে বজ্রপাতে সেলিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় একই বাড়ির আঙ্গুরা বেগম (৪৫) নামের এক নারী আহত হন। দিরাই: দিরাইয়ের বরইতিয়র গ্রামের উত্তরে দুপুরে বজ্রপাতে সাগর মিয়া (১৩) নামের সপ্তম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।