বজ্রপাতে নিহত ২
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বজ্রপাতে আহত দুই তরুণ আজ বুধবার ভোরে মারা গেছেন। তাঁরা হলেন উপজেলার বেতগাড়ি ইউনিয়নের বালাটারি গ্রামের বাচ্চা মিয়ার ছেলে মমিনুর ইসলাম (২৩) ও একই গ্রামের মোনাব্বর হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (১৮)। গতকাল মঙ্গলবার রাতে বজ্রপাতে আহত মমিনুর ও হাসিবুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার ভোর ছয়টার দিকে তাঁরা হাসপাতালে মারা যান।
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের পরিবার ও গঙ্গাচড়া পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে বৃষ্টির সময় মমিনুর ও হাসিবুল বেতগাড়ি বাজার থেকে বালাটারি গ্রামে তাঁদের বাড়ি ফিরছিলেন। সে সময় পথে হঠাৎ বজ্রপাতে তাঁরা আহত হন। স্থানীয় লোকজন তাঁদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।