বজ্রপাতে নিহত ৩, আহত ১১
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ফিনলে চা কোম্পানির হুগলিছড়া চা-বাগানে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় হুগলিছড়া চা-বাগানের আরও ১১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন হুগলিছড়া চা-বাগানের শ্রমিক যুগ বুনারজি (৪৮) ও সবিতা মৃধা (১৯) এবং সিন্দুরখান ইউনিয়নের টিলাগাঁও গ্রামের সুজন মিয়া (৩৮)। ফিনলের বালিশিরা মেডিকেল সেন্টার ও হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ব্যক্তিরা হলেন হুগলিছড়া চা-বাগানের শ্রমিক সুখ চাষা (৩০), অঞ্জলী চাষা (২৫), ঈমানী চাষা (২৬), রাধা চাষা (২২), উবানী দাশ (১৬), আদরী দাশ (২৫), কুন্তলা বুনারজি (৬০), সুভদ্রা কর্মকার (১৬), আরতি সাঁওতাল (১৬), জয়ন্তী (১৮) ও মিলু ভূমিজ (২২)।ঘটনার পর পর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব ও ফিনলের চিফ অপারেটিং অফিসার (সিওও) এম আলিমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফিনলের বালিশিরা মেডিকেল সেন্টার ও হাসপাতালে ভর্তি করেন।