বজ্রপাতে নিহত ৩, ফসলের ক্ষতি, ঘরবাড়ি বিধ্বস্ত
বজ্রপাতে কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় এবং চট্টগ্রামের পটিয়ায় গতকাল শুক্রবার তিন ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া প্রবল ঝড়ে খাগড়াছড়ির দীঘিনালা, চট্টগ্রামের সাতকানিয়া, বান্দরবানের থানচি ও রুমায় ফসলি জমির ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
কক্সবাজারে বজ্রপাতে নিহত দুজন হলেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবরপাড়া এলাকার আবুল কাশেম (২৮) ও কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের মোশারফ আলীপাড়ার মো. বাবুল (৩৫)।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফুর রশিদ খান জানান, মগনামা ইউনিয়নের বেদেরবিলপাড়া এলাকায় টং ঘরে ঘুমাচ্ছিলেন আবুল কাশেম। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আবুল কাশেমের মৃত্যু হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রশিদ জানান, মোশারফ আলীপাড়া এলাকায় নৌকায় লবণ ভরছিলেন ছয়-সাতজন শ্রমিক। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান মো. বাবুল। আহত হয়েছেন আরও তিন ব্যক্তি।
বজ্রপাতে আহত দক্ষিণ ধুরুং বৈদ্যরপাড়ার রমিজ আহমদ, মোহাম্মদ আজম, মো. ফোরকানকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া কুতুবদিয়ার কৈয়ারবিল গ্রামের মনির আহমদ গতকাল দুপুরে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু: চট্টগ্রামের পটিয়ায় গতকাল সকাল আটটার দিকে বজ্রপাতে মঞ্জুরুল আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার কেলিশহর খিল্লাপাড়া গ্রামে। পুলিশ জানায়, মঞ্জুর আলম সকালে বাড়ির পাশে তাঁর খেতে বরবটি তুলতে যান। বরবটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।
দীঘিনালা ঝড়ে বিদ্যুৎহীন: খাগড়াছড়ির দীঘিনালায় বৃহস্পতিবার গভীর রাতে কালবৈশাখীতে দুটি বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। সেনানিবাসের বিভিন্ন স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা।
সরেজমিন উপজেলার ২ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির একটি একাডেমিক ভবনের টিনের চালা উড়ে গেছে। প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান জানান, ভবনটির দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ে সেনানিবাসের দরবার হল বিধ্বস্ত হয়েছে। দরবার হলের উত্তর পাশের দেয়ালটিও ধসে পড়েছে। খাগড়াছড়ির ২০৩ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আ স ম মাহবুবুল হক সেনানিবাসসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
এর আগে বুধবার দুপুরে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টির কারণে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন দীঘিনালা, রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি তিনটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা জানান, আলুটিলায় বিদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়া ও বজ্রপাতের কারণে ৩২ কেভি লাইনে ত্রুটি দেখা দেয়।
সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে প্রায় দেড় কোটি টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে বলে ইটভাটার মালিকেরা জানিয়েছেন।
সাতকানিয়ার নাপিতের চর এলাকার গাউছিয়া ইটভাটার ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতের টানা বৃষ্টিতে তাঁর ভাটার প্রায় তিন লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে।
তেমুহানি এলাকার টিবিএম ইটভাটার মালিক মোহাম্মদ কায়ছার জানান, বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের কারণে পলিথিন মুড়িয়ে দিয়েও সব কাঁচা ইট রক্ষা করা সম্ভব হয়নি।
সাতকানিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত ও শুক্রবারের বৃষ্টিতে ইটভাটায় তৈরি করা প্রায় ২১ লাখ কাঁচা ইট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এর বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
শিলাবৃষ্টিতে থানচি ও রুমায় ফসলের ক্ষতি: বান্দরবানের থানচি ও রুমা উপজেলায় গতকাল সকালে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, ফলদ-বনজ বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। থানচি উপজেলার থানচি সদর, বলীপাড়া ও রুমার গালেংগ্যা ইউনিয়নের এক-চতুর্থাংশ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং অন্যান্য ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (থানচি উপজেলারও দায়িত্বে) সফিকুল ইসলাম জানান, বিধ্বস্ত ঘরবাড়ি ও ফলদ-বনজ বাগানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নের ভরতপাড়ার কার্বারী (পাড়াপ্রধান) কিনা চান চাকমা, ভরতপাড়া, রায়মোহনপাড়া ও অনিলপাড়ার অর্ধেক বাড়ি বিধ্বস্ত হয়েছে।
থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংছার ম্রো ও বলীপাড়া ইউপি চেয়ারম্যান বাশৈচিং মারমা জানান, ঝরে ঘরবাড়ি ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
থানচির ইউএনও সফিকুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন। তাঁদের কাছ থেকে তালিকা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)